অবশেষে রানবির আর ক্যাটরিনা দুজনেই স্বীকার করলেন তাদের প্রেমের কথা। পাঁচ বছর প্রেম করার পর এখন বসবাস করছেন এক ছাদের নিচে। তাহলে কি সত্যিই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা?
মুম্বাই সিনেপাড়ায় জোর গুঞ্জন চলছে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধবেন তারকা জুটি রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, এর মধ্যেই কাপুর পরিবারে শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।
‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ থেকেই শুরু হয় তাদের প্রেম যাত্রা। তবে নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা। ২০১৩ সালে স্পেনেরর ইবিজ্জায় ছুটি কাটাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হন ক্যাট-রানবির।
চলতি বছর বাবার বাড়ি ছেড়ে নিজস্ব অ্যাপার্টমেন্টে ওঠেন রানবির। শোনা যাচ্ছে তার সঙ্গে সেখানে বসবাস করছেন ক্যাটরিনাও।
বেশ কিছুদিন আগে বৈঠকে বসেছিল কাপুর আর কাইফ পরিবার। গুঞ্জন উঠেছে, তখনই সারা হয়েছে তাদের বিয়ের আলোচনা। ক্যাটকে ইতোমধ্যেই সাদরে গ্রহণ করেছে কাপুর পরিবার। যে কোনো পারিবারিক অনুষ্ঠানে রানবিরের সঙ্গে দেখা গেছে ক্যাটকে।
এর আগে ‘কফি উইথ কারান’ অনুষ্ঠানে অংশ নিয়ে রানবিরের চাচাতো বোন কারিনা কাপুর খান বলেছিলেন, রানবিরের বিয়েতে তিনি ক্যাটরিনা কাইফের গানেই নাচবেন।
বর্তমানে রানবির ব্যস্ত আছেন তার সিনেমা ‘তামাশা’র শুটিং নিয়ে। সিনেমায় তার বিপরীতে আছেন রানবিরের সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোন। ধারনা করা হচ্ছে ‘তামাশা’র শুটিং শেষেই বাজবে ক্যাট-রানবিরের বিয়ের বাদ্য।