মেয়েটি যেখানেই পা রেখেছেন সেখানেই সাবলীলভাবে নিজের দাপুটে উপস্থিতি জানান দিয়েছেন। জিতেছেন অনেক পুরস্কার।
এরমধ্যে রয়েছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া, আই অ্যাম শি’, ‘লাকমে মিস কলকাতা’, ‘সিন্ড্রেলা বিউটি অ্যান্ড ট্যালেন্ট কলকাতা’ এবং ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি উইনার অব মিস ইউনিভার্স ইন্ডিয়া আই অ্যাম শি’।
বলছি কলকাতার মেয়ে শিনা চৌহানের কথা। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটের (বিপিএল) মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পান মেয়েটি। চ্যানেল নাইনের ‘এক্সট্রা ইনিংস’ অনুষ্ঠানের মাধ্যমে হয়ে ওঠেন জনপ্রিয় এক মুখ।
আগামীকাল ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও শিনা অভিনীত চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’। ছবিটির জন্য ভারতের সেরা অভিনেত্রীর খেতাবের জন্য লড়েছেন শিনা। এখানে তার প্রতিপক্ষ ব্রিটিশ তারকা কাইরা নাইটলি এবং কেইট বেকিংসেল।
সেরা অভিনেত্রী মনোনয়ন লাভ করায় অস্কার মনোনয়ন পাওয়া ভারতীয় পরিচালক শেখর কাপুর শিনাকে অভিনন্দন জানিয়ে করা এক টুইটে লেখেন, ‘অভিনন্দন শিনা চৌহান! মর্যাদাপূর্ণ সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনীত হওয়ার জন্য।’ সেরা অভিনেত্রীর বিভাগে মনোনীত হয়ে উচ্ছ্বসিত শিনা নিজেও।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘পিঁপড়াবিদ্যা সিনেমায় তার অভিনয় পছন্দ করার জন্য সবার প্রতি কৃতজ্ঞ তিনি। এ রকম একটি অসাধারণ সিনেমার অংশ হতে পারাটা তার জন্য সম্মানের। এ উৎসবে প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ লাগছে তার।’