অবশেষে ৬৭ বছর পর রেলমন্ত্রী মুজিবুল হকের জীবনের নতুন অধ্যায় বুধবার গায়ে হলুদের মধ্য দিয়ে শুরু হয়েছে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে চলছে এ অনুষ্ঠান। একই মিলনায়তনে আরেক পাশে গায়ে হলুদের স্টেজে রয়েছেন তার নতুন জীবন সঙ্গী হতে যাওয়া হনুফা আক্তার রিক্তাও।
এদিকে, সকাল থেকে পরিবারের সদস্য, বন্ধু, রাজনৈতিক নেতারা মন্ত্রীর গায়ে হলুদ মেখে তাকে অভিনন্দন জানাচ্ছেন।
এর আগে শুক্রবার কুমিল্লায় কনের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হবে। ১৪ নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ২ নম্বর এলইডি হলে অনুষ্ঠিত হবে বিবাহউত্তর সংবর্ধনা।
জানা গেছে, নভেম্বরে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী-এমপিসহ সাড়ে ৩ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার ও রাজনৈতিক দলের নেতারা শরিক হবেন বিয়েতে।
রেলমন্ত্রীর হবু বউ হনুফা বেগম রিক্তা কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামের প্রয়াত হাবিবুল্লাহ মুন্সির মেয়ে। রিক্তা ২০০০ সালে এসএসসি পাস করেন।
কুমিল্লার চান্দিনা উপজেলার দুল্লাই ইউনিয়নের মিয়াখোলা গ্রামে তাদের বাড়ি। তবে রিক্তা রাজধানীর ফার্মগেটে থাকেন। তার বাবার নাম মৃত হামিদুল্লাহ মুন্সী। তিন বছর ধরে তাদের মধ্যে কথাবার্তা হলেও কয়েক মাসে ঘনিষ্ঠতা বাড়ে।
গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের অনানুষ্ঠানিক আলোচনায় রেলমন্ত্রীর বিয়ের প্রসঙ্গটি উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এবার ইঞ্জিনের সঙ্গে বগিও যুক্ত হচ্ছে।
মন্ত্রীর বিয়ের খবরে মানুষের কৌতূহলের শেষ নেই, জীবনের প্রায় পুরোটা সময় রাজনীতিতে ব্যস্ত থাকার পর এখন বিয়ের সিদ্ধান্তে এ কৌতূহল।