বাংলাদেশ বেতারের চাকরিজীবী শিল্পী ও কলাকুশলীদের পেনশনের আওতায় আনার পাশাপাশি সম্মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে আগারগাঁওস্থ বেতার ভবনে প্রধানমন্ত্রী ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী হীরক জয়ন্তি অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
বেতারকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করার লক্ষে সরকার কাজ করে যাচ্ছে—এ কথা উল্লেখ করে প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেতার তাদের সম্প্রচার চালাতে পারবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০ শব্দ সৈনিকের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
হীরক জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ বেতারকে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর নাম পরিবর্তন করে রেডিও পাকিস্তানের আদলে বেতারের নাম রাখা হয় রেডিও বাংলাদেশ।
কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বেতার ৪৬টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে উল্লেখ করে বেতারের কলা-কুশলীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বেতারের আধুনিকায়নে সরকার কাজ করছে জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিজয়ে বেতার সৈনিকদের অবদান অবিস্মরণীয়।
এ সময় বেতারশিল্পীদের সম্মানির হার বাড়ানোর পাশাপাশি তাদেরকে পেনশনের আওতায় আনার কথা জানান প্রধানমন্ত্রী।