মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগাতে শিল্পী-সাহিত্যিক, সংস্কৃতিসেবীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
একমাত্র ঐতিহ্য আর সংস্কৃতিই পারে মানুষের আচরণে পরিবর্তন আনতে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংঘাত নয়- শান্তি প্রতিষ্ঠাই সরকারের মূললক্ষ্য।
জাতীয় পর্যায়ে বছর জুড়ে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবর্ষ উদযাপন শুরু হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, শিল্পাচার্যের হাত ধরে শুদ্ধ হয়েছে আমাদের শিল্পাঙ্গন।
প্রধানমন্ত্রী জানান, জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে- বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যই পারে এমন মানসিকতার পরিবর্তন আনতে।
এর আগে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে ফিতা কেটে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন শিল্পাচার্যের আঁকা বেশ কিছু ছবি।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে শিল্পীপত্নী জাহানারা আবেদিন বলেন, মননে- মানসিকতায় খাঁটি বাঙালি জয়নুল আবেদিনের রং-তুলি সবসময়ই শ্রমজীবী মানুষের কথা বলেছে।
এদিকে, শিল্পাচার্য জয়নুল আবেদীনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১৯১৪ সালের এ দিনে বৃহত্তর ময়মনসিংহের কেন্দুয়ায় জন্ম নেন খ্যাতিমান এই শিল্পি। বাংলার চিত্রশিল্পের জাগরণ তার হাত ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সূচনা, নারায়ণগঞ্জে লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠা করেন তিনি।