রমনার বটমূলে চলছে তিন দিনব্যাপী পৌষমেলা। পিঠা-পুলির পাশাপাশি উৎসবের দ্বিতীয় দিনেও ছিল নাচ, গান, কবিতা। নতুন ফসল ওঠার পর একসময় গ্রামেই ধুমধামে পিঠা উৎসব উদযাপন করা হলেও এখন শহরেও ছড়িয়ে পড়েছে এর আবহ।
প্রতিবারের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে এ উৎসব উদযাপন করছে জাতীয় পৌষমেলা উদযাপন পর্ষদ।
কার্তিকের অভাব-অনটনের পর কৃষকের ঘরে ঘরে নবান্নের আমন্ত্রণ নিয়ে আসে অগ্রহায়ণ। আর তারই পথ বেয়ে পিঠাপুলির পৌষ। তবে নগর জীবনে হিম জড়ানো সেই পৌষের ছোঁয়া লাগে না। তাই চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখতে বরাবরের মতো এবারও এ উৎসবের আয়োজন ছিল পৌষ মেলা উদযাপন পরিষদের। উৎসবের এ আয়োজনে নাচ, গানে পৌষ মেলায় মেতে উঠেছে রমনার বটমূল।
নগরবাসীকে চিরায়ত বাংলার একটুখানি স্বাদ দিতেই এ আয়োজন।
আবহমান বাঙালি সংস্কৃতির প্রতি ভালবাসার টানে উৎসবে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ। নাচ-গানের ছন্দ আর পিঠার ঘ্রাণে সবাই মেতে উঠেন আনন্দ উৎসবে।