‘সুফি ফেস্ট ঢাকা ২০১৫’ শুরু হতে যাচ্ছে ২৭ জানুয়ারি। রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে ৮টি দেশের ১৫টি দল ও শিল্পীদের নিয়ে শুরু হচ্ছে এ উৎসব।
বাংলাদেশের রব ফকির, শফি মণ্ডল, অর্ণব; ভারতের জাবেদ আলী, মনোয়ার মাসুম ও পাকিস্তানের রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা গাইবেন এ উৎসবে।
২৯ জানুয়ারি পর্যন্ত চলা এ উৎসব শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ছয় থেকে এবং চলবে রাত ১২টা পর্যন্ত।
সুফি ফেস্ট ঢাকা ২০১৫ আয়োজন করছে ব্লুজ কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুল ইসলাম বলেন, ‘সুফিচর্চা বাংলাদেশের ইতিহাসের এক সমৃদ্ধিশালী অংশ। সুফিচর্চার রূপ বিশ্বের বিভিন্ন বিভিন্ন রকম। সেসব রূপকেই একটি উৎসবের মাধ্যমে তুলে ধরতেই তারা এ উৎসবের আয়োজন করেছেন। প্রতিটি মহাদেশ থেকে একটি করে দল কিংবা শিল্পীকে এ উৎসবে শামিল করতেই চেষ্টা আয়োজকদের।’
সুফি ফেস্ট ২০১৫-এ অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ব্রাজিল, তিউনিসিয়া, ডেনমার্ক ও স্পেনের সুফি সাধক ও দল।
সুফি ফেস্ট ঢাকা ২০১৫-এর প্রস্তুতির ব্যাপারে ব্লুজ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী জানান, এ উৎসবের জন্য তাঁরা লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক সংগীত উৎসব ঘুরে তাঁরা সুফি উৎসবের জন্য শিল্পী ও দল বাছাই করেছেন। সেই সঙ্গে এক মাস ধরে প্রতিষ্ঠানটি সামরিক জাদুঘরের মাঠে সংস্কারের কাজ চালাচ্ছে। উৎসবে প্রবেশের জন্য নির্দিষ্ট স্থান থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ব্লুজ কমিউনিকেশনস জানিয়ে দেবে টিকিট প্রাপ্তির স্থানের খবর।