ভক্ত-সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সদ্যপ্রয়াত নন্দিত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। সোমবার দীর্ঘ দিনের কর্মস্থল এফডিসিতে তৃতীয় নামাজে জানাজার আগে গুণী এ মানুষটির প্রতি শেষ শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ তার সহকর্মী ও সর্বস্তরের মানুষ।
বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চতুর্থ নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে মায়ের কবরেই দাফন করা হবে চাষী নজরুল ইসলামকে।
আজ সকালে এফডিসিতে নিয়ে আসা হয় জাতীয় পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের মরদেহ। মুক্তিযোদ্ধা হিসেবে দেয়া হয় গার্ড অব অনার।
এরপর তার প্রতি শ্রদ্ধা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষসহ তার সহকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় তৃতীয় নামাজে জানাজা।
চাষী নজরুল ইসলাম ছিলেন স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পথিকৃৎ। তার এ প্রয়াণে চলচ্চিত্র শিল্পের যে অপূরণীয় ক্ষতি হলো তা কখনোই পূরণ হওয়ার নয়।
কাছের এ মানুষটির এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা।
দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগে রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।