আসছে ফেব্রুয়ারি! আসছে অমর একুশে গ্রন্থমেলা! তারই প্রস্তুতি বাংলা একাডেমি আঙ্গিনায়। এবার অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে গতবারের চেয়েও আরো বিস্তৃত পরিসরে হবে। বাংলা একাডেমির ৬০ বছর পূর্তি উপলক্ষে এবার প্রথমবারের মতো হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন।
সোমবার মেলার আয়োজন নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের মেলাকে সার্বিকভাবে দৃষ্টি নন্দন করতে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। সেই সঙ্গে পরিধি বাড়ার পাশাপাশি পরিপূর্ণভাবে নিরাপত্তা জোরদার করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে মাসব্যাপী সন্ধ্যায় থাকছে নাট্য উৎসবের আয়োজন।
বাংলা একাডেমির ৬০ বছর পূর্তি উপলক্ষে এবারই প্রথমবারের মতো গ্রন্থ মেলায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হবে। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, আমেরিকা, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪১ জন সাহিত্যিক, গবেষক এতে যোগ দেবেন।