রাজনৈতিক কর্মসূচির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, গাড়িতে আগুন দেয় ও মানুষ মারে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
শুক্রবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বানে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ কথা বলেন।
সাহিত্যিক সৈয়দ সামসুল হক বলেন, সে সব রাজনৈতিক দল নেতার নির্দেশনায় সহিংসতা চালাচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। অবরোধ -হরতালের নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তা ঠেকাতে সাধারণ মানুষদের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় সাধারণ জনগণের জীবন নিয়ে রাজনীতিবীদের মরন খেলা না খেলার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা।
নাট্য নির্দেশক আতাউর রহমান বলেন, অবরোধের নামে দেশে যে সহিংসতা চলছে তা মানুষ হত্যার কর্মসূচি। সন্ত্রাস, নাশকতা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।
রাজনীতির নামে চলমান নাশকতার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন চলবে বলেও জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
এর আগে গান ও আবৃত্তির মধ্যদিয়ে চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা।