হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ (রোববার)। অগণিত ভক্ত এ পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করবে।
রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার মধ্যে থাকবে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করেছে। এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৯টায় পূজা, ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান, দুপুর ১২টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি এবং রাতে আলোকসজ্জার আয়োজন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হলসহ বিভিন্ন হলে সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে সাড়ম্বরে। জগন্নাথ হলে কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও এবার ৫৯টি বিভাগ মিলিয়ে মোট ৬৪টি পূজামপ স্থাপন করা হয়েছে।
এর মধ্যে হল কর্মচারীদের পাঁচটি পূজামণ্ডপ রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের উদ্যোগে পৃথক ২৫টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।
এছাড়াও জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এবার প্রথমবারের মতো সরস্বতী পূজা আয়োজিত হচ্ছে। জাতীয় সংসদের আয়োজনে সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার অঙ্গনে স্থাপিত পূজামণ্ডপে এ পূজা হচ্ছে।
রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, জজ কোর্ট প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইসকন মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির, বুলবুল ললিতকলা একাডেমি (বাফা), ব্যাংকার্স পূজা পরিষদ, রামসীতা মন্দির, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, মিরপুর সরকারি বাঙ্লা কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন সংগঠন ও রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।