কোমলমতি শিশুদের পদচারণায় শনিবার সকাল থেকেই মুখর ছিল অমর মেলা প্রাঙ্গণ। শিশুপ্রহর হওয়ায় সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্ষুদে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গন।
আধো আধো কথা বলে এরকম শিশুরাও প্রিয়জনদের হাত ধরে মেলায় এসেছে। প্রিয়জনদের সঙ্গে স্টলে স্টলে ঘুরে পছন্দের বইটি কিনেছে তারা। শিশুতোষ বইয়ের বিক্রিও তাই একটু বেশি। সেইসঙ্গে নতুন বইয়ের সন্ধানে দল বেঁধে এসেছেন তরুণ-তরুণীরাও।
নিজের পছন্দের বইটি কিনতে ঘুরে বেরিয়েছে এক স্টল থেকে আরেক স্টলে। তাদের পছন্দের তালিকায় রয়েছে রূপকথা আর রহস্যের গল্পের বই। শিশুতোষ বইয়ের স্টলগুলোতে তাই বিক্রি অন্যদিনের চেয়ে বেশি।
সপ্তাহভর কাজের ব্যস্ততার কারণে আসতে না পারলেও, ছুটির দিনে বইমেলায় আসেন কর্মজীবী মানুষ। মেলার পরিসর বাড়ায় ভিড়-ভাট্টা কম হওয়ায় ঘুরে-ফিরে বই দেখতে পারছেন সবাই।
এদিকে, বিকেলে বইমেলায় বাড়ে ভিড়, মেলায় পাঠক চাহিদায় উপন্যাস ও গল্পের বই শীর্ষে থাকলেও পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে ব্যাংকিংসহ বিভিন্ন পেশা নিয়ে লেখা বইগুলো।