মডেলিং দিয়ে যার অভিনয় জীবনের যাত্রা এবং খুব অল্প সময়ে যিনি সবার নজর কাড়েন তিনি হলেন সারিকা। গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে হঠাৎ করেই বিয়ের কাজটি সম্পন্ন করেছিলেন সারিকা। বছর দুয়েক ধরে সব ধরনের শুটিং থেকে নিজেকে বিরতও রেখেছেন তিনি।
এবার নতুন খবর হচ্ছে সারিকা এবার মা হতে যাচ্ছেন। আগামী মে মাসে সারিকার ঘরে নতুন অতিথি আসবে বলে জানিয়েছেন তিনি নিজেই।
আর নতুন অতিথিকে বরণ করতে শুরু হয়ে গেছে নানা আয়োজন। কেনাকাটার পাশাপাশি হবু মায়ের জন্য আয়োজন করা হয় বেবি শাওয়ার অনুষ্ঠান।
সম্প্রতি সারিকার জন্মদিনে আয়োজন করা হয়েছিল বেবি শাওয়ার অনুষ্ঠান। এতে সারিকা ও মাহিমের পরিবারের ঘনিষ্ঠজনরা বিভিন্ন ধরনের খাবার সারিকার মুখে তুলে দেন ও অভিনন্দন জানান।
সারিকা বলেন, জন্মদিন ও বেবি শাওয়ারের অনুষ্ঠানে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে আমার ও মাহিমের পক্ষ থেকে ভালোবাসা থাকল। সবার কাছে আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া চাই।
সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে আর অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি।
আবার অভিনয়ের ব্যাপারে সারিকা বলেন, ‘একেবারেই ইচ্ছে নেই। যদি কখনো শখ হয়, তাহলে হয়তো একটা কিংবা দুটো কাজ করতে পারি।’