ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী কঙ্গনা রানৌত বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের মেয়ে!
বিশ্বাস হচ্ছে কি? বিশ্বাস না হলেও কথাটা সত্যি। তবে সেটা বাস্তবে নয়। চরিত্রের প্রয়োজনে, ছবির জন্য।
আমির খানের পরবর্তী ছবি ‘দাঙ্গাল’। আর সব ছবিতেই আমিরের প্রতিশ্রুতি- নতুন লুক, নতুন চমক। ‘দাঙ্গাল’ নিয়ে বলিউডে আলোচনাও কম হচ্ছেনা। শোনা যাচ্ছে এ ছবিতে আমিরের মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য কঙ্গনার কাছে প্রস্তাবও গেছে।
আমির খানের সঙ্গে কাজ করার ইচ্ছের কথা আগেই অনেকবার প্রকাশ করেছেন কঙ্গনা। অবশেষে হয়তো তার সে আশা পূরণ হতে যাচ্ছে।
ভারতীয় কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের জীবনী অবলম্বনে নির্মিত এ ছবিতে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে ৪৯ বছর বয়সী এ অভিনেতাকে।
সবকিছু ঠিক থাকলে মহাবীর সিং ফোগাটের মেয়ে গীতা ফোগাটের চরিত্রে কাজ করবেন কঙ্গনা। ভারতীয় নারী কুস্তিগীরদের মধ্যে গীতা অন্যতম। বাবার কাছে প্রশিক্ষণ নিয়ে জিতেছেন অনেক পুরষ্কার।
ইতোমধ্যেই ‘কুইন’ ছবিতে কাজের মধ্যে দিয়ে সেরা অভিনেত্রীর খেতাব জিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। সূত্র: জিনিউজ