দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অমর একুশে গ্রন্থ মেলায় বাড়ছে পাঠকদের ভিড়। বেড়েছে বইয়ের বিক্রিও। উপন্যাস, প্রবন্ধ, গল্প, শিশুতোষ রচনার পাশাপাশি এবার মেলায় বেশ প্রাধান্য পেয়েছে বিষয়ভিত্তিক বই। তবে এসব বইয়ের পাঠক প্রিয়তা বাড়াতে বিষয়ভিত্তিক বইয়ের লাইব্রেরি গড়ে তোলার ওপর জোর দিলেন লেখকরা।
প্রায় মাঝামাঝি সময়ে এসে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। বই দেখার চেয়ে এখন কেনা নিয়েই ব্যস্ত পাঠকরা।
তবে, এক সময় মেলার স্টলগুলো ছিল গল্প, কবিতা আর উপন্যাসের বইয়ে ঠাসা। কিন্তু সময়ের পরিক্রমায় সব কিছুতেই এসেছে পরিবর্তন। বই মেলার স্টলগুলোও এবার সেজেছে একটু ভিন্ন সাজে।
কল্পকাহিনী আর মানুষকে আনন্দ দেয় এ ধরনের বইয়ের পাশাপাশি এবার যোগ হয়েছে বিষয়ভিত্তিক বই। কিন্তু এসব বইয়ের প্রতি পাঠকের চাহিদা কি বেড়েছে? নাকি এখনও গল্প, উপন্যাসের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।
বিষয়ভিত্তিক এসব বই তেমনভাবে পাঠকদের মধ্যে এখনো সাড়া জাগাতে পারেনি বলে মনে করেন লেখকরা। পাঠক বাড়াতে হলে সারাদেশে অনেক লাইব্রেরি গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা।