সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার ৭ জন গুণী শিল্পী পেলেন ‘শিল্পকলা পদক’। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালায় এই গুণী শিল্পীদের হাতে সম্মাননা পত্র তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পী ও লুপ্তপ্রায় সংস্কৃতির চর্চা এবং সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি।
সংস্কৃতির চর্চার বিকাশ, উদ্বুদ্ধ ও এক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ‘শিল্পকলা পদক’ দেয়া শুরু করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সে ধারাবাহিকতায় এবারও নাচ, গান, আবৃত্তি, অভিনয়, চিত্রকলা, ফটোগ্রাফি ও মিউজিক নিয়ে দীর্ঘ দিন কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন ৭ গুণী শিল্পীকে সম্মাননা জানানো হয়।
এবার নৃত্যকলায় ওস্তাদ বজলুর রহমান বাদল, সঙ্গীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, যন্ত্রসঙ্গীতে পণ্ডিত মদন গোপাল দাস, চারুকলায় সৈয়দ আব্দুল্লাহ্ খালিদ, আবৃত্তিতে আশরাফুল আলম, নাট্যকলায় লাকী ইনাম এবং ফটোগ্রাফিতে ড. শহিদুল আলমকে পদক দেয়া হয়।
পরে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি, শিল্পকলাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, একটি জাতির রুচি ও মননশীলতার পরিচয় বহন করে শিল্পকলা, সংস্কৃতি।
এর আগে শিল্পকলা একাডেমির ৪১ বছর পূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতিকেও সম্মান জানানো হয়। পরে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।