বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ৩ দিন ধরে গৌড়ীয় নৃত্যে অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ থেকে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয় ‘গৌড়ীয় নৃত্য কর্মশালা’। চলে গতকাল শনিবার পর্যন্ত।
শেষ দিন এ কর্মশালায় অংশ নেয়া শিল্পীদের হাতে তুলে দেয়া হয় সনদ। সবশেষে পরিবেশিত হয় গৌড়ীয় নৃত্য। শিল্পীরা কর্মশালার এই কয় দিনের পাঠকে কেমন রপ্ত করলেন, তাই নাচে-তালে তুলে ধরা হয়।
গৌড়ীয় নৃত্য প্রাচীন বাংলার শাস্ত্রীয় নৃত্য। আন্তর্জাতিক অঙ্গনে একটি সুপ্রতিষ্ঠিত সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এই কর্মশালার আয়োজন করে।
৩ দিনের গৌড়ীয় নৃত্য কর্মশালায় অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৪০ জন শিল্পী। এ কর্মশালা পরিচালনা করেছেন র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, শামীম আরা নীপা, র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।