‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি দিয়ে শুরু হলো রুনা লায়লার সংগীতের ঝরনাধারা। শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে রুনা লায়লার ৫০ বছর পূর্তী অনুষ্ঠান। ‘গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অব রুনা লায়লা’ উৎসবটি আয়োজন করেছে এনটোরেজ এন্টারটেইনমেন্ট।
মঞ্চে ছিলেন রুনা লায়লার স্বামী চিত্রনায়ক আলমগীর। ছিলেন শিল্পী ফেরদৌসী রহমান, আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম, প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তারা সবাই মিলে কেক কাটলেন।
কেক কাটা হয়ে গেলে রুনা লায়লা দ্রুতলয়ের ‘ইস্টিশনের রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা’ গানটি দিয়ে মাতিয়ে দিলেন পুরো আসর।
এরপর খানিক স্মৃতিচারণা। ১৯৭৫ সালের দিকে রুনা লায়লা গিয়েছিলেন ভারতে, গান রেকর্ড করতে—‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’। সাধের লাউ গানটি করার সময় রুনার সঙ্গে যোগ দেন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা। অঞ্জনার সঙ্গে পাল্লা দিয়ে কোমর দোলালেন রুনাও। পরের গানের সময় মঞ্চে ডেকে নিলেন খুরশীদ আলমকে। খুরশীদও নাচলেন ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম’ গানের সঙ্গে।
এর পরের গানটির শব্দ পরিবর্তন করে চমকে দিলেন দর্শকদের। ‘বন্ধু, তিন দিন এইখানে আইলাম, তালি শুনলাম না, চিৎকার শুনলাম না।’ আর কি দর্শক চুপ থাকতে পারে? শুরু হলো তালিবর্ষণ, চিৎকার!
এভাবেই এগিয়ে যেতে থাকে অনুষ্ঠান। ‘যেজন প্রেমের ভাব জানে না,’ ‘দে দে পেয়ার দে’ ও ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানগুলো পরিবেশিত হতে থাকে।
অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘সংগীত জীবনের ৫০ বছর পার করছি। আমার জীবনের একটা মাইলস্টোন যেন সবার সঙ্গে ভাগাভাগি করতে পারি, সে জন্য এ অনুষ্ঠানের আয়োজন। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের।’