বাংলাদেশে ছড়িয়ে রয়েছে ইতিহাসের অনেক পুরাকীর্তি। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শুটিং করা হয়েছে পদ্ম পাতার জল সিনেমাটির। এতে অভিনয় করছেন ইমন ও মিম।
ঔপনিবেশিক সময়ের এক গল্পকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের জন্য দৃষ্টিনন্দন সেট এবং জমকালো পোশাক পরিকল্পনার এক নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে বলেই জানান পরিচালক তন্ময় তানসেন।
গল্পটা যেহেতু ঔপনিবেশিক সময়ের তাই গল্পের প্রয়োজনেই বাংলাদেশের বিভিন্ন পুরোনো জমিদারবাড়ি ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোতে শ্যুটিং করা হয়েছে। আর এদেশের এত সুন্দর সব নিদর্শন রয়েছে যেগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য সিনেমার মতো একটি বড় মাধ্যম ব্যবহার করলে তা দেশ-বিদেশের মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বলে মনে করেন তন্ময়।
পরিচালক জানিয়েছেন, এই প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র পদ্ম পাতার জল। দীর্ঘ ৮৭ দিন ধরে টাঙ্গাইলের ধনবাড়ি, মহেড়া, ও নাগরপুর জমিদারবাড়ি, মধুপুর রাবার বাগান, মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়ি, সোনারগাঁ লোকশিল্প জাদুঘর, পানাম সিটি, ঢাকার আহসান মঞ্জিল, রাঙামাটি, সিলেট, বান্দরবান ও টেকনাফসহ দেশের আরও সুন্দর সব লোকেশনে শুটিং হয়েছে সিনেমাটির।’
সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। বর্তমানে পদ্ম পাতার জল ছবিটির সম্পাদনার কাজ চলছে। ছবিটির সম্পাদনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সামীর আহমেদ।