বিনম্র শ্রদ্ধা আর নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে জাতীয় কবির ১১৬তম জন্মজয়ন্তী। সোমবার সকালে এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার শপথ নেন তারা।
কবিকে ভোলেনি বাংলার মানুষ। যে কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য, তাকে কি করে ভোলা যায়। আর তাই ১১৬তম জন্মজয়ন্তীতে ভালবাসা আর বিনম্র শ্রদ্ধায় সব শ্রেণী-পেশার মানুষ স্মরণ করছে কবিকে। দিনের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধি ছেয়ে যায় ফুলে ফুলে।
প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরা। নজরুল চর্চার অগ্রগতির কথা জানিয়ে, আজো নজরুলকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে না পারার বেদনা কবির দৌহিত্রী খিলখিল কাজীর কন্ঠে।
মৌলবাদ আর জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে নজরুলের সৃষ্টিকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয় প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
নজরুল জয়ন্তী উপলক্ষে কবির সমাধির পাশেই আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।