দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাংলাদেশে আসছেন ভারতের সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বে এন্টারটেইনমেন্ট আয়োজিত 'শ্রেয়া ঘোষালস নাইট' শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি।
আগামী ৫ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
বে এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোনালিসা খান হাসান জানান, 'শ্রেয়া ঘোষাল নাইট' শিরোনামের কনসার্টটিতে শ্রেয়া ছাড়াও হৃষিকেশ প্রমোদ রণদে গান পরিবেশন করবেন।
অনুষ্ঠান উপভোগ করতে হলে যথাক্রমে ১০ হাজার, সাড়ে ৭ হাজার, ৫ হাজার ও সাড়ে ৩ হাজার টাকার টিকিট ক্রয় করতে হবে।
অনুষ্ঠানটির দায়িত্বে থাকা মিডিয়া বিভাগের কর্মকর্তা আফরিদ হাসান জানান, ৫ জুন সকালে ঢাকায় এসে পৌঁছাবেন শ্রেয়া ঘোষাল। সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন শ্রেয়া।
কনসার্ট চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। জমকালে এ অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে রাজধানীর সব 'স্বপ্ন' সুপারশপ, আলমাস, নর্থ ওয়েস্ট এভিয়েশন, কাবাব ফেক্টরি ও অ্যাবাকাস কনভেনশন সেন্টারের গুলশান, ধানমণ্ডি ও উত্তরা শাখা, মান্যবর, ওয়েলফুড, আপন জুয়েলার্স, দ্য মিরেজ, মিন্ট, স্বপ্ন, আল-বাক, ব্লকবাস্টার, সিনেপ্লেক্স, থার্টি থ্রি, দি ওয়েস্টিন ঢাকা, আই এ্যাম ঢাকা, ই-টিউনস, টিকেট চাই ডটকমসহ বিভিন্ন স্থানে।
শ্রেয়া ঘোষাল ভারতের জিটিভির 'সা রে গা মা পা' সংগীত প্রতিযোগিতা জয়ের মাধ্যমে গানের ভুবনে আসেন। ২০০২ সালে বলিউডের 'দেবদাস' চলচ্চিত্রের মধ্য দিয়ে তার প্লেব্যাকের অভিষেক। এ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়েই তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র, ফিল্মফেয়ার, ফিল্মফেয়ার আর ডি বর্মনসহ নানা পুরস্কার অর্জন করেন। এখন পর্যন্ত তিনি ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন।