ভারতের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ খেতাব পেতে যাচ্ছেন হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমার। কেন্দ্রীয় সরকার এখন দিলীপ কুমারের তথ্য সংগ্রহ করছে।
ভারতের একটি ইংরেজি পত্রিকায় এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর দিলীপ কুমারের ভারতরত্ন পাওয়া নিয়ে আলোচনা চলছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ভারতরত্ন হিসেবে অচিরেই দিলীপ কুমারের নাম ঘোষণা হতে পারে।
চলতি বছরেই দিলীপ কুমারকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মবিভূষণ’ খেতাবে ভূষিত করা হয়েছে। ৯৩ বছর বয়সী প্রখ্যাত এ অভিনেতাকে এর আগে ১৯৯৪ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দাদা সাহেব ফালকে দেয়া হয়। দিলীপ কুমার ১৯৮০ সালে মুম্বাইয়ের শেরিফও হয়েছিলেন।
১৯৪৪ সালে ‘জোয়ারভাটা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন দিলীপ কুমার। ছবিটি তৈরি করেছিল বোম্বে টকিজ। দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘সওদাগর’, ‘আদমি’, ‘আন্দাজ’, ‘মেলা’ ইত্যাদি। তাকে সর্বশেষ রুপালি পর্দায় দেখা গেছে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কিলা’ ছবিতে। ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয়।
দিলীপ কুমারের আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। চলচ্চিত্রে নাম দিয়েছিলেন দিলীপ কুমার হিসেবে। জন্ম পাকিস্তানের পেশোয়ারে ১৯২২ সালের ১২ ডিসেম্বর। দিলীপ কুমার চলচ্চিত্র অঙ্গনে ট্র্যাজেডি কিং হিসেবে পরিচিত।