কবি সুফিয়া কামাল শুধু নারী সমাজের জন্যই নয় বরং তিনি সমগ্র বাঙালি জাতির জন্য মুক্তির দূত হিসেবে কাজ করেছেন। শুক্রবার সকালে রাজধানীতে কবির জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন বিশিষ্টজনেরা।
কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
তার চেতনা ও বিশ্বাসকে সামাজিক-রাজনৈতিক জীবনে ধারনের তাগিদ দেন বিশিষ্টজনেরা। ছোটদের অংশগ্রহনে গান, কবিতা ও আলোচনা সভার মধ্যে দিয়ে স্মরণ করা হয় প্রয়াত এ কবিকে।
যে দেশে ধর্মের নামে হানাহানি হয় এমন বাংলাদেশ সুফিয়া কামালের চিন্তার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে, প্রবীণ সাংবাদিক আবেদ খান, কবির চিন্তা-চেতনাকে সামাজিক ও রাজনৈতিক জীবনে ধারণের আহ্বান জানান।
কবিকন্যা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, বাংলাদেশের সকল সমাজিক ও গণতান্ত্রিক আন্দোলনে কবি সুফিয়া কামাল সম্পৃক্ত ছিলেন।
আধুনিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তার আদর্শ অনুসরণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।