রোজার মাঝামাঝিতে জমে উঠেছে ঈদ বাজার। পিছিয়ে নেই ছেলেদের কেনাকাটাও। ঈদে ছেলেদের মূল পছন্দ, পাঞ্জাবির সমারোহে ভরে উঠেছে পোশাকের দোকানগুলো। আছে শার্ট, টি-শার্টের মতো ছেলেদের অন্যান্য পোশাকেরও নজর কাড়া সংগ্রহ।
সেইসঙ্গে মাপ মতো পছন্দের পোশাক তৈরি করতে শার্ট-প্যান্টের কাপড়ের জন্য বিভিন্ন ব্র্যান্ডের দোকানের পাশাপাশি টেইলার্সগুলোতেও ভিড় বাড়ছে।
ঈদে ছেলেদের পছন্দের পোশাকের তালিকায় সবার আগে থাকে পাঞ্জাবি। তাই বরাবরের মতো এবারো নানান রং আর ডিজাইনের পাঞ্জাবিতে বিপনীবিতান ও ফ্যাশন হাউজগুলো।
বেছে বেছে পাঞ্জাবি কিনছেন তরুণ থেকে শুরু করে সব বয়সীরা। গরমের কথা মাথায় রেখে এবার পোশাকের সুতির কাপড়কেই বেছে নিচ্ছেন ক্রেতারা।
শুধু পাঞ্জাবি নয়, পিছিয়ে নেই বিভিন্ন ধরণের শার্ট, টি-শার্টের কালেকশনেও। সমান গুরুত্ব পাচ্ছে এসব পোশাকও।
তবে যারা তৈরি পোশাকে খুব একটা সন্তুষ্ট হতে পারেন না তাদের অনেকই ভিড় করছেন কাপড়ের দোকানগুলোতে। পছন্দের কাপড়ে নিজেদের ডিজাইনে শার্ট-প্যান্ট তৈরি করিয়ে নিচ্ছেন তারা।
শুধু পোশাক নয়, অন্যান্য আনুসঙ্গিকের সঙ্গে জুতোর দোকানগুলোও ঘুরে দেখছেন ক্রেতারা। জুতা, স্যান্ডেল, চটি- যার যেটা প্রয়োজন কিনছেন পছন্দ মতো।