ঈদের বাকি আর মাত্র কয়েকদিন তাই জামাতের প্রস্তুতি হিসেবে এখন ভিড় জমছে টুপি, আতর, সুরমা, তসবিহ, মেসওয়াক ও জায়নামাজের দোকানগুলোতে।
বিক্রেতারা জানিয়েছেন, এ কেনাকাটা চলবে ঈদের দিন নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে নিজের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যের জন্যও এসব পণ্য কিনছেন অনেকেই।
ঈদের পোশাক আর অন্যান্য কেনাকাটা শেষে এখন আতর, টুপি আর জায়নামাজের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
রাজধানীর বায়তুল মোকাররমের পাশে এসব সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এখানে দেশি টুপির পাশাপাশি বাহারি নকশা আর আকৃতির বিদেশি টুপিও পাওয়া যাচ্ছে।
এবার চীনের ওয়ানি, ভারতের গুজরাটি, পাকিস্তানি জারদারিসহ, ইরান, সৌদ আরব, তুরস্কের টুপির চাহিদা বেশি।
ঈদের নামাজের জন্য অনেকেই কিনছেন নতুন নকশা আর কারুকাজের জায়নামাজ। নকশা ছাড়া সাদামাটা জায়নামাজও কিনছেন কেউ কেউ। তুরস্ক আর পাকিস্তানি জায়নামাজের কদর এবার বেশি।
কাঠের, পুঁতির আর পাথরের তৈরি বিভিন্ন ধরনের তসবি পাওয়া যাচ্ছে দোকানগুলোতে।
দেশি আতরের পাশপাশি বিক্রি হচ্ছে সৌদি আরব, মুম্বাই, হল্যান্ড, পাকিস্তান, ফ্রান্স, ইন্দোনেশিয়া, দিল্লী, দুবাইয়ের আতর।