শেষ মুহূর্তে জমে উঠেছে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের ঈদ বাজার। বিপনীবিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। প্রিয়জনের হাতে পছন্দের জিনিসটি তুলে দিতে দোকান থেকে দোকানে ছুটছেন ক্রেতারা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারে শপিংমলগুলোতে যেমন উপচে পড়া ভিড়, তেমনি জমজমাট ফুটপাতের অস্থায়ী দোকানগুলোও। এখানে দেশি পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাকও বেশ চলছে। ছেলেদের শার্ট-প্যান্টের পাশাপাশি অনেকেই ভিড় করছেন পাঞ্জাবির দোকানে।
রয়েছে কিরনমালা, গাদোয়াল, জুট কাতান, পলী কাতানসহ বাহারি সব শাড়ি। এছাড়া লেহেঙ্গা আর লংগাউনও কিনছে কিশোরী-তরুণীরা। শিশুদের জন্যও কেনা হচ্ছে রংবেরংয়ের নানা পোশাক।
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে সুনামগঞ্জের মার্কেটগুলো। বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড়। পোশাকের দোকান থেকে শুরু করে ক্রেতারা ভিড় করছেন জুতা-স্যান্ডেলের দোকানেও। চলছে প্রসাধনী সামগ্রী আর আনুসঙ্গিক কেনাকাটাও।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারনায় মুখর হবিগঞ্জের বিপনীবিতানগুলো। পছন্দের পোশাক, জুতা ও প্রসাধনী কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা।
ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নিত্য নতুন পণ্য দোকানে তুলেছেন ব্যবসায়ীরা।