সময় যতো এগিয়ে আসছে, জমে উঠছে ঈদের কেনাকাটা। মাগুরা, দিনাজপুর ও শরীয়তপুরের বিপনীবিতানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। প্রিয়জনের হাতে পছন্দের জিনিসটি তুলে দিতে দোকানে দোকান ছুটছেন ক্রেতারা। দাম কিছুটা বেশি হলেও কেনাকাটা করে খুশি তারা, খুশি বিক্রেতরাও।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঈদ আনন্দকে আরো বাড়িয়ে দিতে ছোট-বড় সবার জন্য কেনা হচ্ছে নতুন পোষাক। মাগুরার বিপনীবিতানে তাই ক্রেতাদের উপচে পড়া ভীড়। যে যার সাধ্য মতো কিনে নিচ্ছেন পছন্দের পোশাক।
থ্রিপিস, শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া- নানা ধরণের পোষাক দিয়ে সাজানো শরীয়তপুরের বিপনীপিতানগুলো। দেশি পোষাকের পাশাপাশি, ভারতীয় তারকাদের নামের বিভন্ন ডিজাইনের পোষাকের উপস্থিতি এখানে চোখে পড়ার মতো।
দাম কিছুটা বেশি হলেও পছন্দের পোষাকটি কিনতে পেরে খুশি ক্রেতারা আর বেচা-বিক্রি ভাল হওয়ায় খুশি বিক্রেতারাও।
কেনাকাটার ধুম পড়েছে দিনাজপুরের বিপনীবিতানগুলোতেও। ছোট-বড়, নারী-পুরুষ-দোকানে দোকানে সব বয়সের ক্রেতা।
ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের সেলাই কর্মীরাও। শুধু পোষাকের দোকানেই নয়, ক্রেতাদের উপচে পড়া ভিড় জুতা-স্যান্ডেলের দোকানেও। রয়েছে পোষাকের সঙ্গে মিল রেখে প্রসাধন ও মনোহারী সামগ্রীর কেনাকাটাও।