ঈদে নির্মল বিনোদনের অন্যতম মাধ্যম চলচ্চিত্র বা সিনেমা। প্রতি ঈদেই সিনেমা, বিশেষ করে বাংলা সিনেমার জন্য দেশের চলচ্চিত্র প্রেমীরা মুখিয়ে থাকেন।
ঈদের চলচ্চিত্র দেশের চলচ্চিত্রাঙ্গনে সবসময়ই বিরাট প্রভাব ফেলে, এমনটাই হয়ে আসছে এদেশে, এবারো তাই। বৃষ্টি বিভ্রাট কিছুটা বাধ সাধলেও, নতুন মুক্তি পাওয়া সিনেমা দেখার আশায় হলগুলোতে ভিড় জমিয়েছেন চলচ্চিত্রপ্রেমিরা।
শ্রাবণের বৃষ্টি বাধ সাধায় সকালে কিছু কিছু সিনেমা হল ছিল প্রায় ফাঁকা। তবে সিনেমাপ্রেমী দর্শককে কতোক্ষণ আর আটকে রাখা যায়।
এবার ঈদে মুক্তি পেয়েছে ৩টি বাণিজ্যিক ছবি। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহিন সুমন পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘লাভ ম্যারেজ’। এ ছবিতে জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গী, তার চিরায়ত জুটি অপু বিশ্বাস।
দীর্ঘদিন আগেই ছোট পর্দা থেকে রুপালী পর্দায় পা রাখা বিদ্যা সিনহা মিম ও ইমন প্রথমবারের জুটি বেঁধেছেন তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ সিনেমাতে। ঔপনিবেশিক সময়ের একটি ঘটনার সঙ্গে বর্তমান সময় মিলিয়ে এর গল্প।
তবে এবারের সবচেয়ে বড় বাজেটের, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অ্যাকশনধর্মী সিনেমা ‘অগ্নি-২’। ‘অগ্নি’র সিক্যুয়ালে এবারো নাম ভূমিকায় রয়েছেন মাহিয়া মাহি। এবার তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ওম।
ইফতেখার চৌধুরী ও হিমাংশু পরিচালিত বিগ বাজেটের এ ছবি এবার ঈদে একযোগে মুক্তি পেয়েছে বাংলাদেশ ও কলকাতায়।
এছাড়াও এবার ঈদে ভিন্নধারার বেশ কয়েকটি সিনেমাও এসেছে প্রেক্ষাগৃহগুলোতে। আর বিদেশি সিনেমা তো আছেই।
স্বাদে-আমেজে চলচ্চিত্রের বৈচিত্র্য প্রতিফলিত হয় দর্শকের মধ্য দিয়ে।
মাত্র ২ দিনে বিচার করা না গেলেও দর্শকটানা সিনেমার পরিসংখ্যান দিলেন হল সংশ্লিষ্টরা।
বলা হয়, সিনেমা পরিচালক কিংবা কলাকুশলী তাদের সেরা কাজগুলা জমিয়ে রাখে ঈদের জন্য। আর সারা বছরের কর্মব্যস্ততা পেরিয়ে ঈদের ছুটিতে নির্মল বিনোদন লাভের উদ্দেশ্যে দর্শকরা ভিড় জমান সিনেমা হলে।