‘বজরঙ্গি ভাইজান’ প্রেক্ষাগৃহে আসার পর থেকেই পুরানো রেকর্ড একে একে ভেঙে চলেছে। চলতি বছরে ভারতের সবচেয়ে ব্যবসাসফল সালমান খানের এ ছবিটি। আড়াইশ কোটি রুপি আয় করে ছবিটি পেরিয়ে গেছে আরেক সাড়াজাগানো চলচ্চিত্র ‘বাহুবলী’র আয় ২২৪ কোটি রুপি।
আন্তর্জাতিক বাজারেও মুড়ির মতো আয় করছে ‘বজরঙ্গি ভাইজান’। এদিক দিয়েও পেছনে পড়ে গেছে এসএস রাজামৌলির ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’। ভারত ও বহির্বিশ্ব মিলিয়ে এর আয়ের পরিমাণ ৪১৬ কোটি রুপি। তবে সালমানের এ ছবি এরই মধ্যে ব্যবসা করে ফেলেছে ৪২৫ কোটি রুপি। তা-ও মুক্তির মাত্র ১০ দিনে।
শিগগিরই ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় তিনে থাকা শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির আয়ের ৪২৮ কোটি রুপি রেকর্ড সালমানের ছবিটির পেরিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার। ২ নম্বরে থাকা আমির খানের ‘ধুম থ্রি’র আয়ও ৫৪২ কোটি রুপি। এটি ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে। ৭৪০ কোটি রুপির আয় নিয়ে এক নম্বরে আছে আমিরের আরেক ছবি ‘পিকে’।