‘কাভি খুশি কাভি গম’, ‘চলতে চলতে’, ‘ভাগবান’ এর মতো একশ’টি চলচ্চিত্রের গানের সুরকার ক্যন্সারের কাছে হার মেনে চিরবিদায় নিয়েছেন বলিউডেরের সুরের রাজা আদেশ শ্রীবাস্তভ।
মাত্র ৫১ বছরের জীবনের অবসান ঘটে তার। এ বয়সেই ১০০টি চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।
শনিবার প্রথম প্রহরে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে আদেশ শ্রীবাস্তভের মৃত্যু হয় বলে ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী অভিনেত্রী বিজেতা পণ্ডিত এবং বিজেতার ভাই সুরকার যতীন ও ললিত পণ্ডিত।
২০১১ সালে ক্যান্সার ধরা পড়ে আদেশে শ্রীবাস্তভের। রক্তের ক্যান্সারের জন্য এরপর থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি, কেমোথেরাপিও চলছিল।
কিন্তু অবস্থার ব্যাপক অবনতি ঘটায় গত ৪০ দিন ধরে চিকিৎসকরা কেমোথেরাপি বন্ধ রেখেছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
মধ্য প্রদেশের জবলপুরে ১৯৬৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম আদেশ শ্রীবাস্তভের।
‘হাত মে আ জায়ে গা কাল রুমাল আপকা’- ১৯৯৪ সালে ‘আও পেয়ার কারে’ চলচ্চিত্রে সাইফ আলী খানের ঠোঁটের এই গানটি বলিউডে আদেশকে ভিত গড়ে দেয়। এরপর একের পর এক জনপ্রিয় গান বলিউডকে দিয়েছিলেন তিনি।
‘ওয়েলকাম ব্যাক’ এ সুর দিচ্ছিলেন আদেশ, চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
অবিতেষ শ্রীবাস্তভ ও অনিবেশ শ্রীবাস্তভ নামে আদেশ ও বিজেতার দুই ছেলে রয়েছে।