বাউল গানের কিংবদন্তী শাহ আব্দুল করিমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)। ২০০৯ সালের এ দিনে ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গ্রাম বাংলার মানুষের আকুতিকে গানে গানে ফুটিয়ে তুলেছিলেন খ্যাতিমান এ শিল্পী। যা শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয় তবে আলোর মুখ দেখেনি এ বাউল সম্রাটের একমাত্র স্বপ্ন ‘শাহ আবুদল করিম সঙ্গীতালয়’।
দেহতত্ত্ব, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদী, আধ্যাত্মিক. বহু গানের রচয়িতা ভাটির কবি শাহ আব্দুল করিম।
গান রচনা শুরু সেই কিশোর বয়সেই। কখনও মুখে মুখে। কখনও বা আসরে দাঁড়িয়ে গান রচনা করেছেন আব্দুল করিম। সঙ্গীত নিয়ে লিখেছেন ৫টি বই।
সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০০১ সালে একুশে পদকে ভূষিত করা হয় শাহ আব্দুল করিমকে। এছাড়া, কথা সাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পদক, রাগীব- রাবেয়া সাহিত্য পদকসহ বেশ কয়েকটি সম্মাননা পান তিনি।
কালজয়ী এ শিল্পীর সৃষ্টি সবার মাঝে ছড়িয়ে দিতে "শাহ আবুদল করিম সঙ্গীতালয়" চালুর দাবি জানিয়েছেন তার ভক্ত অনুরাগীরা।
নানা আয়োজনে পালন করা হচ্ছে ই বাউল সম্রাটের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার নিজ বাড়ি উজানধল গ্রামে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল, আলোচনাসভা ও বাউল গানের আসর।