শারদীয় দুর্গা উৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এরইমধ্য দিয়ে ধ্বনিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আগমনী ঘণ্টা।
সোমবার ভোর থেকেই মহালয়া উপলক্ষে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে চণ্ডিপাঠের মধ্যে দিয়ে শুরু হয় আচার-আনুষ্ঠানিকতা। চণ্ডিপাঠের পাশাপাশি ছিল যজ্ঞও।
পুরাণ মতে, এইদিন দেবী দুর্গার আর্বিভাব ঘটে। অশুভ অসুর শক্তির কাছে হেরে গিয়ে স্বর্গলোক থেকে বিতাড়িত দেবতারা একত্রিত হয়ে অশুভ শক্তিকে বিনাশে নিজেদের শরীর থেকে এক তেজরশ্মি নির্গত করেন। মহাতেজের আলোয় ঘোর অমাবস্যা দূর হয়ে প্রতিষ্ঠা পায় শুভশক্তি। এই শুভ শক্তিই দেবী দুর্গা।
এছাড়া দিনটি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।
আগামী ১৯ অক্টোবর ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।