সারাদেশের মতো উৎসবের আমেজ বিরাজ করছে ভোলা, মৌলভীবাজার ও নাটোরের পূজা মণ্ডপগুলোতে। এখনো চলছে প্রতিমা ও মণ্ডপের সাজ সজ্জার কাজ। পুজাকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পূজা উদযাপন কমিটি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সারদীয় দুর্গা পূজার বাকি আর মাত্র দুই দিন। এবার ৯ দিনে দুর্গার ৯টি রূপের প্রতিমায় পূজা করা হবে। এবারো নবদূর্গা পূজার আয়োজন করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মঙ্গলচণ্ডি মন্দিরে। পূজার আয়োজন দেখতে ভীড় করছেন দর্শনার্থীরা।
দ্বীপ জেলা ভোলার মণ্ডপগুলোতেও এখন উৎসব মূখর পরিবেশ। প্রতিমা ও মণ্ডপের সাজ সজ্জার পাশাপাশি পূজাকে আরো আকর্ষণীয় করতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে পূজা উদযাপন কমিটি। বিগত বছরের ন্যায় এ বছরও সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবেন বলে আশাবাদি তারা।
ঝুকিপূর্ণ মণ্ডপগুলোতে ৩ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান।
এদিকে, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে নাটোরে পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা ও পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।