সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি প্রয়াত শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন আজ (শুক্রবার)। তার কবিতায় শুধু স্বাধীনতাই নয়, মৌলবাদ, ধর্মান্ধতা, প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতা সবই উঠে এসেছে। বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন।
স্বাধীনতার এ কবি দেশের ও দেশের মানুষের বিরুদ্ধে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে, কোনো অনাচার হতে দেখলে নিজেকে একাত্ম করে নিতেন এবং তার জবাব দিতেন কবিতার ভাষায়। আশা, বেদনা, ভালোবাসা, দ্রোহ কোনো কিছুই বাদ যায়নি তার কবিতা থেকে।
সকালে কবির সমাধিতে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এদিকে, কবির জন্মদিন স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, গান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান।
তার স্মরণে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতিপরিষদ যৌথভাবে একাডেমির রবীন্দ্র চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিকেলে এ অনুষ্ঠানে শামসুর রাহমানের কবিতা থেকে আবৃত্তি, কবিকণ্ঠে নিবেদিত কবিতা, নৃত্য ও সংগীত পরিবেশিত হবে। এতে সভাপতিত্ব করবেন একাডেমির ও শামসুর রাহমান স্মৃতিপরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন কবি সৈয়দ শামসুল হক, কবি-রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ স্বাগত বক্তব্য দেবেন।
কবিকণ্ঠে নিবেদিত কবিতা পাঠ করবেন রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, রুবী রহমান, মুহম্মদ নূরুল হুদা, নূহ-উল-আলম লেনিন, কাজী রোজী, হালিম আজাদ, শিহাব সরকার, নাসির আহমেদ, কাজল বন্দোপাধ্যায়, রবীন্দ্র গোপ, কামাল চৌধুরী, আসাদ মান্নান, মুনীর সিরাজ, শাহজাদী আঞ্জুমান আরা, আমীরুল ইসলাম, আসলাম সানী, তারিক সুজাত, অঞ্জনা সাহা, মৃত্তিকা গুণ ও দীপিতা রাহমান।
শামসুর রাহমানের কবিতা থেকে আবৃত্তি করবেন লায়লা আফরোজ, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন নিপু, আহ্কাম উল্লাহ ও নায়লা তারান্নুম কাকলি।
সংগীতে অংশ নেবেন রফিকুল আলম, মহীউজ্জামান চৌধুরী, বুলবুল মহলানবীশ, মাহজাবিন রহমান শাওলী, উত্তম ঘোষ প্রমুখ। এম আর ওয়াসেকের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে নন্দন কলা কেন্দ্রের শিল্পীরা।
প্রসঙ্গত, পঞ্চাশ দশক থেকে বাঙালি জাতির নানা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সামাজিক জীবনের অসংগতি, বৃটিশ ও পশ্চিমাদের শোষণের বিরুদ্ধে কবি শামসুর রহমান সোচ্চার কণ্ঠ কবিতায় নির্মিত হয় এক অনন্য বাক-প্রতিমা। এ জন্যে তাকে স্বাধীনতার কবি হিসেবে আখ্যায়িত করা হয়।
কবি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মোগলটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান নরসিংদী জেলায়।
২০০৬ সালের ১৭ আগষ্ট কবি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।