গির্জায় ঢোকার সময় বিষণ্ন ছিল এ সময়ের জনপ্রিয়া নায়িকা ক্যাটরিনা কাইফ। মাদার ম্যারির মূর্তির কাছে যেতেই তার চোখের জল বাঁধ ভেঙে যায় বলে নাইনএক্সই ডটকম থেকে জানা গেছে।
বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত ‘ফিতুর’ ছবিটি নিয়ে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) মুম্বাইয়ের বান্দ্রার মাউন্ট ম্যারি গির্জায় ঢুকতে দেখা গেছে তাকে। সেখানে মাদার ম্যারির সামনে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। কোনোভাবেই সান্ত্বনা দেয়া যাচ্ছিলো না বলিউডের এ অভিনেত্রীকে।
এ খবর ছড়িয়ে পড়ার পর ক্যাটরিনাকে নিয়ে চলছে জোর আলোচনা, জল্পনা। অনেকের ধারণা- কোনো বিষয় নিয়ে তিনি ভীষণ বিরক্ত হয়ে উঠেছেন। তবে কি নিয়ে তার অশান্তি তা অজানাই রয়ে গেছে।
ক্যাটরিনার প্রেমিক রণবীর কাপুর এখন ইউরোপে করণ জোহরের পরিচালনায় ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মা।
অন্যদিকে অভিষেক কাপুরের ‘ফিতুর’-এ ক্যাটের নায়ক ‘আশিকি টু’ তারকা আদিত্য রায় কাপুর। এটি তৈরি হচ্ছে চার্লস ডিকেন্সের ধ্রুপদী উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ অবলম্বনে। এতে আরও আছেন খো, অদিতি রাও হায়দারি, লারা দত্ত ও রাহুল ভাট। এটি মুক্তি পাবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। সর্বশেষ ‘ফ্যান্টম’ ছবিতে সাইফ আলি খানের সঙ্গে দেখা গেছে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে।