মুক্তবুদ্ধি, মুক্তচিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে জেলা ও বিভাগীয় পর্যায়ে বইমেলার আয়োজন করতে যাচ্ছে সরকার—জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।
রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম এবং সিলেট জেলায় আগামী শনিবার থেকে এ বই মেলা শুরু হচ্ছে— জানিয়ে মন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সৃজনশীল সমাজ গঠনে প্রতিটি উপজেলায় একটি করে লাইব্রেরি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে সরকারের।
মুক্তচিন্তার মানুষের ওপর ধর্মান্ধ গোষ্ঠী যতোই বিঘ্ন ঘটানোর চেষ্টা করুক না কেন সরকারের এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে বই মেলার আয়োজন করছে সরকার। এবার চারটি জেলার মধ্যে প্রথম পর্যায়ে ২৮ নভেম্বর রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে শুরু হয়ে মেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দিনাজপুর, ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারী চট্টগ্রাম এবং ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি সিলেট বিভাগে বইমেলা চলবে। এ বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গঠনের পাশাপাশি তরুণদের মধ্যে মুক্তচিন্তার বিকাশ ঘটাতেই এ আয়োজন।
বিভাগী বই মেলায় বরাবরের মত এবারও ঢাকা থেকে নামী-দামী প্রকাশনাগুলো মেলায় অংশ নেবে।