বই মেলা প্রাণের মেলা, আমাদের ঐতিহ্যের মেলা। সেই ঐতিহ্যকে বুকে ধারণ করছে ছোটরাও।
শুক্রবার মেলার প্রথম শিশু প্রহরে সকাল থেকে তিন ঘন্টাব্যাপী মেলা প্রাঙ্গণ ছিল শিশুদের পদচারণায় মুখরিত। পছন্দের বইটি কিনতে স্টলে স্টলে ঘুরে বেড়িয়েছে তারা। শিশুতোষ বইয়ের বিক্রিও তাই আজ একটু বেশি।
সপ্তাহের অন্য দিনগুলোতে বিকাল ৩টায় মেলা শুরু হলেও, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ শুধুমাত্র উন্মুক্ত থাকে শিশুদের জন্য। তাই সকাল থেকেই তাদের কলকাকলিতে মুখর হয়ে উঠে মেলা।
বই মেলায় ক্ষুদে পাঠকদের আগমন বলে দেয় বর্তমান ডিজিটাল যুগেও বইমুখী হচ্ছে তারা। এবারের মেলায় প্রথম দিন থেকেই আসা শুরু হয়েছে ছোটদের বই। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন বইয়ের সংখ্যাও।
শিশুদের স্টলগুলোতে বর্ণমালা শিক্ষা থেকে শুরু করে কল্প বিজ্ঞান, ছোটদের বিজ্ঞান, হাসির গল্পসহ শিশুসাহিত্যের বিভিন্ন ধরণের বই পাওয়া যাচ্ছে। ভূতের গল্পের চাহিদাও আছে ক্ষুদে পাঠকদের কাছে।
সন্তানের বায়না অনুযায়ি বাবা-মারাও কিনে দিচ্ছেন ভূত আর কল্পকাহিনীর মতো বই। শিশুদের কল্পনার জগতকে আরো প্রসারিত করতে এসব বই আরো শক্ত ভিত গড়ে দিবে বলে মনে করছেন অভিভাবকরা।
শিশুদের বইয়ে কল্পনার সঙ্গে যেন বাস্তবের একটা চমৎকার মিশেল থাকে সে বিষয়ে সজাগ থাকার কথা বলছেন লেখকরা।