একুশে বই মেলায় শিশু প্রহরের দ্বিতীয় দিনে কোমলমতি শিশুদের পদচারণায় মুখর অমর মেলা প্রাঙ্গণ। বাবা-মায়ের হাত ধরে, পছন্দের বইটি কিনতে স্টলে স্টলে ঘুরে বেড়িয়েছে তারা। শিশুতোষ বইয়ের বিক্রিও তাই আজ একটু বেশি ছিল।
আধো আধো কথা বলে এরকম শিশুরাও সকালে বাবা-মায়ের হাত ধরে মেলায় এসেছে। শনিবার একুশে বই মেলার শিশু প্রহরের দ্বিতীয় দিনে সকাল থেকেই তাদের কলকাকলিতে মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গন।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র শিশুদের জন্য মেলা প্রাঙ্গন উন্মুক্ত থাকে।
মেলায় খুদে পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বই কেনার সঙ্গে বিভিন্ন প্রর্দশনী দেখে আরো বেশী আনন্দিত শিশুরা। নিজের পছন্দের বইটি কিনতে ঘুরে বেরিয়েছে এক স্টল থেকে আরেক স্টলে।
তাদের পছন্দের তালিকায় রয়েছে ভৌতিক ও সাইন্স ফিকশন বইগুলো। শিশু কর্ণারসহ এ ধরনের শিশুপ্রহরের নানান সুফল তুলে ধরেন অভিবাবকরা।
শিশুতোষ বইয়ের স্টলগুলোতে অন্যদিনের চেয়ে বিক্রি বেশি বলে জানিয়েছে বিক্রেতারা। প্রতিদিনই নতুন নতুন বইয়ের সংখ্যা বাড়ছে বলেও জানায় তারা।