রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৭তম জন্মবার্ষিকী আজ- বুধবার। এ দিনটিকে উপলক্ষকে তার জন্মস্থান বরিশালে নেই কোনো আয়োজন।
জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত কবি জীবনানন্দ স্মৃতি লাইব্রেরি ও মিলনায়তনেও নেয়া হয়নি কোনো কর্মসূচি। কবির স্মৃতি ধরে রাখতে তার নামে একটি স্মৃতি কমপ্লেক্স নির্মাণের দাবি জীবনানন্দের ভক্ত-অনুরাগীদের।
আবার আসিব ফিরে ধান সিড়িটির তীরে- এই বাংলায়" কিংবা "তোমার যেখানে সাধ চলে যাও আমি এই বাংলার প'রে রয়ে যাবো" তার বেশিরভাগ কবিতায় এভাবেই ফুটে উঠেছে গ্রাম বাংলার প্রতি অমোঘ টান। নিসর্গ আর প্রেম সমানভাবে জায়গা করে নিয়েছে তার রচনায়। তিনি কবি জীবনান্দ দাশ।
কবির জন্মবার্ষিকীতে তার জন্মস্থান বরিশালে নেই কোনো আয়োজন। কবির স্মৃতিতে পাঠাগার গড়ে তোলা হলেও সেটি বন্ধ থাকে অধিকাংশ সময়। পাঠাগারের পাশেই কবির ভিটে বাড়িতে এখন বিশাল আবর্জনার স্তুপ।
কবির পরিবারের সম্পত্তিতে তার নামে একটি কমপ্লেক্স নির্মাণের দাবি স্থানীয় কবি ও সাহিত্যিকদের।
১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি জন্ম নেয়া কবি জীবনানন্দ দাশ ১৯৫৬ সালের ১৪ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।