রাজধানীর ধানমন্ডিতে রিকসা করে যাওয়ার সময় রাস্তার পাশে গাছের ডাল ভেঙে মাথায় পড়ায় চিত্রপরিচালক ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু মারা যান। সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকায় এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু এলাকার চার নম্বর এলাকায় রিকসায় চড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রিকসার ওপর একটি গাছ আছড়ে পড়ে। এ সময় তিনি মারাত্মক আহত হন। পরে দ্রুত গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত: ১৯৬০ সালে খালিদ মাহমুদ মিঠুর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে তিনি এমএ করেন। তার পরিচালিত ‘গহীনে শব্দ’ ও ‘জোনাকীর আলো’ ছবি দুটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। প্রথম ছবি ‘গহীনে শব্দ’ তাকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
উল্লেখ, ২০০৭ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১৬তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘আরব বাংলাদেশ ব্যাংক পুরস্কার’ লাভ করেন।
তার স্ত্রী কনকচাঁপা চাকমা চিত্রশিল্পী হিসেবে পরিচিত-- তাদের দুই সন্তান শিরোপা পূর্ণা ও আর্য শ্রেষ্ঠ।