বাংলা চলচিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি আর নেই। রোববার বিকাল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
সোমবার সকালে এই অভিনেত্রীর মরদেহ নেওয়া হবে বিএফডিসিতে। সেখানেই প্রথম নামাজে জানাজা হবে। সেখান থেকে গ্রামের বাড়ি সোনারগাঁও -এ মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ব্রেন টিউমার ও পরে ক্যান্সারে অসুস্থ হয়ে পড়লে চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামাটোলজিতে ভর্তি হয়েছিলেন দিতি। প্রথম দফায় চিকিৎসা শেষে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর দেশে ফেরেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে আবারও অসুস্থ হয়ে পড়েন। সে সময় দেশের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাকে।
দ্বিতীয় দফায় তাকে ২০১৫ সালের ৩ নভেম্বর চেন্নাই নেয়া হয়। এরপর দেশে ফিরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বেশকিছুদিন কোমায় থাকার পর পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন অভিনেত্রী দিতি।
পারভীন সুলতানা দিতি। চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী। ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে তার জন্ম। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ তার। প্রথম ছবি উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে ছবিটি শেষপর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘আমিই ওস্তাদ’।
প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দিতি। সুভাষ দত্ত পরিচালিত স্বামী-স্ত্রী ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। নিয়মিত কাজ করেছেন ছোট পর্দায়ও। নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। উপস্থাপনা ও সঙ্গীত শিল্পী হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। তার একক অ্যালবামও বেরিয়েছে।