বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাড়িতে অতিথি হলেন ক্রিস গেইল। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানের সঙ্গে তোলা কিছু ছবি টুইটারে পোস্ট করেন বিগ-বি।
পোস্টে অমিতাভ লেখেন গেইল তার ভক্ত, এ কথা তিনি জানতেন না।
কৌতুক করে অমিতাভ আরো লেখেন, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে গেইল যেন তার আতিথ্যের কথা মনে রাখেন, সে কথা ভেবে তিনি যতটুকু সম্ভব বিনয়ী আচরণ করেছেন।
বৃহস্পতিবার মুম্বাইয়ে দ্বিতীয় সেমিতে লড়বে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে টুইটারে বেশ সরব রয়েছেন অমিতাভ।
সম্প্রতি ভিরাট কোহলিকে নিয়ে ইংল্যান্ডের সাবেক পেসার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে জমজমাট টুইটার যুদ্ধ হয়েছে অমিতাভ ও ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার।
কোহলি ইংলিশ ব্যাটার জো রুটের মত হতে পারবেন-ফ্লিনটফের এমন টুইটের জবাবে অমিতাভের কৌতুকপূর্ণ পাল্টা টুইট ছিল-জো রুটকে তার গোড়া থেকেই উপড়ে ফেলা হবে।