পহেলা বৈশাখ উদযাপনে সারাদেশে সাজ সাজ রব। বাংলা নববর্ষ ঘিরে রাজধানীর মতো সারাদেশেও বর্ষবরণে চলছে নানা আয়োজন।
বর্ষবরণের উৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে নড়াইল, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জেও। আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। নাচে-গানে, শোভাযাত্রায় নতুন বছরকে বরণে চলছে ব্যপক প্রস্তুতি।
প্রতিবারের মতো এবারো বরিশালে থাকছে মঙ্গল শোভাযাত্রা। বরিশাল চারুকলা আয়োজিত এ মঙ্গল শোভাযাত্রাকে সফল ও বর্ণিল করে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন সংস্কৃতি কর্মীরা। বাঁশ, কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে ভাস্কর্য, বাঘ, কুমির, পাখির প্রতিকৃতি, রঙ-বেরঙের মুখোশ। বিশ্ব ভাতৃত্ববোধ ও মানবিকতার উন্মেষ ঘটিয়ে সবাইকে একই বন্ধনে আবদ্ধ করতে তৈরি করা হচ্ছে রাখি।
১৪২৩ বঙ্গাব্দকে বরণ করতে নড়াইলে সুলতান মঞ্চে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ বিভিন্ন খেলাধূলা। আয়োজন সফল করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জেলা জুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলে জানালেন নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
পহেলা বৈশাখ ঘিরে গোপালগঞ্জ শহর ও গ্রামে জোর প্রস্তুতি চলছে। আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। মেলায় বাহারি সব পণ্যের পসরা সাজাতে দিন-রাত কাজ করছেন বাঁশ-বেত ও মৃৎশিল্পীরা। তৈরি করছেন ডালা, কুলা, চালনা, মাটির পুতুল, পাখিসহ বিভিন্ন খেলনা।
কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মিলনায়তনে বৈশাখী আয়োজনে কর্মমুখর ‘আমাদের কিশোরগঞ্জ’ সংগঠনের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কেউ ব্যস্ত কাগজ কাটায়, কেউবা করছে রঙের কাজ। কেউ আঁকছে আলপনা, তৈরি করছে ফুল-পাখিসহ জীব-জন্তুর মুখোশ। চলছে শোভাযাত্রার প্রস্তুতি।