পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব—রাজধানী ঢাকার পরিসর যেমন অনেক বড় তেমনি বর্ষবরণের ব্যাপকতাও বাড়ছে বই কমছে না। উত্তরার বাসিন্দাদের ইচ্ছে থাকলেও আসা হয় না রমনা পর্যন্ত।
কয়েক বছর ধরেই ঢাকার উত্তরে চারুকলা আর ছায়ানটের পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতির মতো রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানও পিছিয়ে নেই।
নতুন বছরে নগরবাসীকে আনন্দের ভেলায় ভাসাতে সুরের ধারার আয়োজনে চলছে হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি। নতুন বছরের প্রভাতে গানে গানে শিল্পীরা তুলে ধরবেন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। কণ্ঠে উচ্চারিত হবে মানবতার কথা।
দেশীয় সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে সুরের ধারা ও চ্যানেল আই এর উদ্যোগে বর্ষবরণের প্রস্তুতি চলছে জোরেসোরে। হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিতে প্রস্তুতও হচ্ছেন সারাদেশ থেকে আসা শিল্পীরা।
নাচ, গান ও নাট্যাভিনয়নের প্রস্তুতি চলছে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যাণ্ড কলেজ প্রাঙ্গণে।
এবারের বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পীরা গাইবেন মানুষের জন্য মানবতার গান। চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবিদায় ১৪২২ ও বর্ষবরণ ১৪২৩।
বৈশাখের সূর্যোদয় থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণ মুখরিত হবে দেশের হাজারো শিল্পীর কণ্ঠে। গানে গানে বরণ করা হবে বাংলা নববর্ষকে। থাকবে নানা রঙের পরিবেশনা।
অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিতে রোদের তাপদাহেও ক্লান্তি নেই কর্মীদের। দেশ, মাটি ও মানুষের ঐতিহ্যকে তুলে ধরে শান্তির বার্তা ছড়ানোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার অপেক্ষা।