নব প্রভাতের সূর্যের আলোর ছটায় রাজধানীবাসীর বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রায় হলো নতুন বছরের রাজসিক অভিষেক। প্রতিবারের মতো এবারও ভিন্ন প্রেক্ষাপট। জাগ্রত চিত্তে সকল অমঙ্গলের বিরুদ্ধে উদ্যত হতে নির্ভীক পথচলার অঙ্গীকার নির্যাস হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।
টেকনাফ থেকে তেতুলিয়া- পুরো বাংলাদেশ এখন ১৪২৩ বাংলা বর্ষবরণের রঙে রঙিন হয়েছে। এ রঙ শিশু ও নারীর প্রতি সহিংসতা কালো ছায়াকে নির্মূলের বার্তা পৌঁছে দিচ্ছে কানে কানে।
সেই বার্তাকে প্রতিধ্বনিত করতে ‘অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে’ স্লোগানে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বাংলা বর্ষবরণের অন্যতম বড় আকর্ষণ এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী-পেশাজীবী-আইনজীবী-নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার সকাল ৯টার পর চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রূপসী বাংলা হোটেল ঘুরে টিএসসি হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে চারুকলা অনুষদের পশ্চিম পাশে সারাদিন ধরে চলবে পুতুলনাচ ও চড়ক।
বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে মঙ্গলবার্তা দিকে দিকে ছড়িয়ে পড়েছে। পুরো শোভাযাত্রা জুড়ে নেচে-গেয়ে প্রাণের উৎসবে মাতোয়ারা সবাই। একইসঙ্গে সকল অমঙ্গলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া।