বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে শনিবার মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে তাকে সেখানে নেয়া হয়— দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছেন ৯৩ বছর বয়সী এ কিংবদন্তি।
হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার জানিয়েছেন, দিলীপ কুমারজি শ্বাসকষ্টে ভুগছেন–এ কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাকে আইসিইউতে রাখা হয়নি। চিকিৎসকরা তার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।
দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান।
রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে অভিনয় করেছেন তিনি।
দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’— তাকে এ তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।
গতবছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।