জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তীকে ঘিরে তাঁর বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ২৫ মে থেকে ২৭ মে- তিন দিনের এ আয়োজনকে কেন্দ্র করে ত্রিশাল জুড়ে এখন উৎসবের আমেজ।
নজরুল বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলছে উৎসব-আয়োজনের চূড়ান্ত মহড়া।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা গ্রামের দারোগা রফিজ উল্লাহ নিজ বাড়িতে নিয়ে এসেছিলেন কিশোর নজরুল ইসলামকে। এখান থেকে নজরুল পড়াশুনা করতেন। পরবর্তীতে এ বিদ্রোহী কবির স্মৃতির উদ্দেশ্যে কাজির শিমলা ও নামাপাড়া গ্রামে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় নজরুল স্মৃতি কেন্দ্র। নামাপাড়ায় প্রতিষ্ঠা করা হয়েছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়।
২৫ মে নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালে তিন দিনের আয়োজন নিয়ে উৎফুল্ল স্থানীয়রা। নজরুল জয়ন্তী উৎসবকে ঘিরে এর মধ্যেই দরিরামপুর একাডেমী স্কুল মাঠে নজরুল মঞ্চ তৈরিসহ চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
এরইমধ্যে নজরুল-প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গোটা ত্রিশাল। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে নজরুল মেলা।
এদিকে, ময়মনসিংহ ত্রিশালের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ উৎসবকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।