ঈদে নতুনত্ব আর রঙ্গিনের ছোঁয়া সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় পোশাকে। কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয় ফ্যাশন হাউসগুলোতে। নানান রং-ঢং ও আকার-আকৃতির বৈচিত্রে তৈরি হয় নতুন সব পোশাক। এবারের ঈদে মেয়েদের লং কামিজ ও শাড়িকেই প্রধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফ্যাশন ডিজাইনাররা।
ছেলেদের ক্ষেত্রে বরাবরের মতোই থাকছে পাঞ্জাবী, শার্ট, টি-শার্ট। হাল আমলের ফ্যাশনের পাশাপাশি নিজস্ব স্বকীয়তা এবং আরামের কথা মাথায় রেখেই এবার দেশিয় ফ্যাশন হাউজগুলো ঈদ পোশাক নিয়ে এসেছে বাজারে।
ঈদ আসছে— তাই বর্ণিল সাজ আর নতুন পোশাকের পসরা সাজিয়েছে দেশিয় ফ্যাশন হাউসগুলো। নিত্য পরিসরের বাইরে এসে, নানান রকম বাহারি পোশাকের পসরা নিয়ে এ নতুন আয়োজনের উপলক্ষ্যই থাকে ঈদ! ফ্যাশন হাউসগুলোতে শুধু ঈদের পোশাকে বৈচিত্র্য আনতে প্রস্তুতিও চলে বছরজুড়ে।
নতুন সব ডিজাইন ও বৈচিত্র্যময় পোশাকের সমাহারে এবারও তার ব্যতিক্রম হয়নি।
এবার মেয়েদের পোশাকে লং কামিজের চল দেখা যাচ্ছে। শাড়িতে প্রাধান্য পাচ্ছে এমব্রয়ডারির কাজ। ছেলেদের পাঞ্জাবীতে হালকার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে জমকালো কাজের ওপরও।
পাশাপাশি পোশাকগুলোর কাটেও বরাবরের মতো আনা হয়েছে ভিন্নতা। ঋতুকে মাথায় রেখে পোশাকে হালকা রংয়ের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে উজ্জ্বল রং-ও।
ডিজাইনাররা বলছেন, গ্লোবাল সংস্কৃতির সঙ্গে দেশিয় সংস্কৃতি সংমিশ্রণ ঘটবে এবারের ঈদের পোশাকে।