ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬১তম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক-ক্ষেতমজুর-ভিন্ন জাতিগোষ্ঠীর বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার সমাবেশ উপলক্ষে সেখানকার সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে পড়েছে সাজ সাজ রব।
অনুষ্ঠেয় কৃষক সমাবেশ থেকে সমতলের ভিন্ন জাতিগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠন, খাস জমি বন্টনসহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সাঁওতাল নেতাদের অভিযোগ, মহিমাগঞ্জ সুগার মিলের এক হাজার ৮৪২.৩০ একর জমিতে আখ চাষ না হওয়ায় চুক্তি অনুযায়ী এসব জমি প্রকৃত মালিক সাঁওতাল কৃষকদের ফিরিয়ে দেয়ার কথা। তবে তাদের জমি ফিরিয়ে না দিয়ে জমিগুলো প্রভাবশালীরা দখলে নেয়ার পায়তারা করছে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, গোবিন্দগঞ্জ আদিবাসী ফেডারেশন ও পারগানা পরিষদ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে।