দেশের উত্তরাঞ্চলের শেষ জেলা পঞ্চগড়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ভাদর কাটানি উৎসব। এ অঞ্চলে উৎসবটির আমেজটা বেশি।
ভাদ্র মাসের প্রথম সপ্তাহ চলছে। এ উৎসবের উসিলায় বাবার বাড়ি আসতে পেরে মেয়ে যেমন খুশি তেমনি মেয়েকে কাছে পেয়ে খুশি বাবা-মা, ভাই বোন, বান্ধবী আর প্রতিবেশীরাও। এ লোকাচারের সঙ্গে মিশে আছে সংস্কারও।
লোকাচার বা সংস্কার, যা-ই থাকুক না কেন, ভাদর কাটানি উৎসবে এই বাড়ি ফেরার এই খুশিটাই বড় কথা।
ভাদ্রে স্বামীর মুখ দেখতে নেই, প্রচলিত এমন আচার পালনে তাই এ মাসের শুরুতেই বাবার বাড়িতে ফেরেন নব বিবাহিতারা।
বীরগঞ্জ থেকে দেবীগঞ্জে এসেছেন রূপালী রাণী, ঠাকুরগাঁও থেকে সিমা এসেছেন বোদায়। শ্যামলী, দীপ্তিরাও ফিরেছেন বাবার বাড়িতে। ভাদরকাটানিতে বাবার বাড়িতে এসেছেন এরা সবাই। তাই খুশির যেন কমতি নেই এদের কারোরই।
অধ্যাপক হেরম্ব রায়। তিনি তার মেয়েকে শ্বশুরবাড়ী থেকে নিতে এসেছেন। তিনি জানান, সংস্কার লোকাচার যাই থাক, এটি এ অঞ্চলের সংস্কৃতির অংশ। আবার ৭ দিন পর জামাই এসে নিয়ে যাবেন তাকে।
অনেকদিন থেকেই পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এ উৎসবের সময় এলাকার চিত্রটাই পাল্টে যায়। পারিবারিক বন্ধনের পাশাপাশি সামাজিক সম্পর্কগুলোকে যেন আরও দৃঢ় করে তোলে ভাদর কাটানির এই প্রথা।